ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও সফর স্থগিত করা হয়েছে। আগামী ৩০ ও ৩১ আগস্ট দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁও যাওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। তবে আগামী এক-দুই দিনের মধ্যে নতুন সফরসূচি নির্ধারণ হতে পারে।
বুধবার (২৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক।
জেলা প্রশাসক বলেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও সফরের নির্ধারিত কর্মসূচি ছিল। অনিবার্য কারণে সফরটি আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখ নির্ধারণ করা হতে পারে।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি শুরু করা হয়েছিল। প্রশাসনিক সমন্বয়, আবাসন, যানবাহনসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত সোমবার (২৪ আগস্ট) রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল শাখা থেকে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসকের কাছে একটি চিঠি পাঠানো হয়। এতে জানানো হয়েছিল, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও জেলা সফর করবেন। সফর শেষে ৩১ আগস্ট তার ঢাকায় ফেরার কথা ছিল।
চিঠিতে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের যাতায়াতের পাশাপাশি আবাসন ও যানবাহনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সফরের বিস্তারিত কর্মসূচি ও সফরসঙ্গীদের অনুমোদিত তালিকা পরবর্তী সময়ে পাঠানো হবে বলেও জানানো হয়েছিল।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সফর ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। সফরকে সামনে রেখে জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরেও প্রস্তুতি চলছিল। শেষ মুহূর্তে সফর স্থগিত হওয়ায় আপাতত সেই প্রস্তুতিও থেমে গেছে।
এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে তিনি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করেন।
এর পরদিন ২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঠাকুরগাঁও সফরের নতুন তারিখ নির্ধারিত হলে তা পরবর্তী সময়ে জানানো হবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।

