বাড়িভাড়া দেওয়ার চিন্তায় ছিলেন ‘হুররেম’, সেই অডিশনই বদলে দেয় জীবন

নিজস্ব প্রতিবেদক
3 Min Read
ছবি: সংগৃহীত। মেরিয়েম উজেরলি

বিনোদন ডেস্ক

তুর্কি-জার্মান অভিনেত্রী মেরিয়েম উজেরলির জন্মদিন আজ। তুরস্কের জনপ্রিয় ধারাবাহিক ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি (সুলতান সোলেমান)-এ হুররেম সুলতানের চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি পান তিনি। তবে তাঁর এই সাফল্যের শুরুটা ছিল বেশ কঠিন এক সময়ের মধ্যে।

হুররেম সুলতানের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাওয়ার আগে মেরিয়েম উজেরলি ব্যক্তিগত ও পেশাগত—দুই দিক থেকেই অনিশ্চয়তার মধ্যে ছিলেন। ছয় বছরের একটি সম্পর্ক ভেঙে গিয়েছিল। হাতে ছিল না কোনো কাজ। এমনকি পরের মাসের বাড়িভাড়া কীভাবে পরিশোধ করবেন, সেটিও নিশ্চিত ছিলেন না তিনি।

সেই সময়ের কথা স্মরণ করে মেরিয়েম বলেন, ‘তখনই আমি ছয় বছরের একটি সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি। কোনো কাজ ছিল না। কীভাবে বাড়িভাড়া দেব, সেটাও জানতাম না।’

ঠিক এমন সময় ইস্তাম্বুলের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের বড় একটি ধারাবাহিকের অডিশনের সুযোগ আসে তাঁর সামনে। থিয়েটারে কাজ করার সময় মেরিয়েমের অভিনয়ের সঙ্গে পরিচিত এক ব্যক্তি তাঁর ভিডিও ওই প্রযোজনা প্রতিষ্ঠানে পাঠিয়েছিলেন। তাঁর বিশ্বাস ছিল, হুররেম সুলতানের চরিত্রের জন্য মেরিয়েম উপযুক্ত হতে পারেন।

তবে মেরিয়েম নিজে তখন এত বড় কোনো চরিত্র পাওয়ার কথা ভাবেননি। তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল একটি কাজ পাওয়া। প্রধান চরিত্রে সুযোগ না হলেও ধারাবাহিকটির কোনো পার্শ্বচরিত্রে অভিনয়ের সুযোগ মিলতে পারে—এমনটাই আশা করেছিলেন তিনি।

মেরিয়েমের ভাষায়, ‘আমি আশা করছিলাম, হয়তো এই ধারাবাহিকে কোনো একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পাব।’

কিন্তু সেই অডিশনই শেষ পর্যন্ত বদলে দেয় তাঁর জীবন। তিনি নির্বাচিত হন হুররেম সুলতানের চরিত্রের জন্য। চরিত্রটি যে তাঁকে রাতারাতি তারকাখ্যাতির পথে নিয়ে যাবে, তা অবশ্য তখন মেরিয়েমের জানা ছিল না। এমনকি ধারাবাহিকটি এতটা জনপ্রিয় হয়ে উঠবে—এমন নিশ্চয়তাও নির্মাতাদের ছিল না। তাঁদের কাছে তখন এটি ছিল চিত্রনাট্যকার, পরিচালক ও প্রযোজকদের একটি স্বপ্নের প্রকল্প।

ভবিষ্যতের সাফল্য নিয়ে না ভেবে মেরিয়েম তখন মনোযোগ দেন নিজের চরিত্রের ওপর। প্রথম পর্বের চিত্রনাট্য পড়ার পরই হুররেম চরিত্রটির গভীরতা তাঁকে আকৃষ্ট করে। চরিত্রটির আবেগ ও ব্যক্তিত্ব তাঁকে এতটাই প্রভাবিত করেছিল যে তিনি মনে করেছিলেন, হুররেমকে পর্দায় জীবন্ত করে তোলাই তাঁর দায়িত্ব।

এরপর প্রায় তিন বছর হুররেম চরিত্রটি ছিল তাঁর অভিনয়জীবনের প্রতিদিনের চ্যালেঞ্জ। ক্ষমতার আকাঙ্ক্ষা, ভালোবাসা, আগ্রাসন, সংগ্রাম এবং নানা উত্থান-পতনের মধ্য দিয়ে চরিত্রটি ক্রমে আরও জটিল হয়ে ওঠে।

মেরিয়েমের কাছে হুররেম ছিল ‘বিস্ফোরণের অপেক্ষায় থাকা বোমার মতো’। তাঁর অভিনয়জীবনে এর মতো শক্তিশালী ও চ্যালেঞ্জিং চরিত্র আর আসেনি বলেই মনে করেন এই অভিনেত্রী।

যে সময়ে একটি কাজ পাওয়াই ছিল তাঁর প্রধান চিন্তা, সেই সময়ের একটি অডিশনই শেষ পর্যন্ত তাঁকে এনে দেয় তুরস্কের অন্যতম আলোচিত টেলিভিশন চরিত্র। হুররেম সুলতান হয়ে মেরিয়েম উজেরলি পরিণত হন আন্তর্জাতিকভাবে পরিচিত এক তারকায়।

Share This Article
Leave a Comment