৫ বোতল ভারতীয় ‘ফেন্সিবিল’সহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: দৈনিক উত্তর দিগন্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিল সদৃশ ভারতীয় মাদক ‘ফেন্সিবিল’সহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর কাছ থেকে ৫ বোতল ভারতীয় ফেন্সিবিল, একটি পুরোনো বাইসাইকেল ও নগদ ১৪ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সিভিল সোর্স ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৩ আগস্ট রাত পৌনে ১২টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)–এর অধীন কাঁঠালডাংগী বিওপির একটি টহল দল অভিযান চালায়। সুবেদার মো. মহসিন আলীর নেতৃত্বে পরিচালিত ওই অভিযানটি সীমান্ত পিলার ৩৭১/৩-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেলডাংগী নতুন বাজার এলাকায় চালানো হয়।

অভিযানে মো. আশরাফুল ইসলাম (২৩) নামের এক যুবককে আটক করা হয়। তিনি হরিপুর উপজেলার বেলডাংগী গ্রামের বাসিন্দা। তাঁর কাছ থেকে ৫ বোতল ভারতীয় ফেন্সিবিল, একটি পুরোনো বাইসাইকেল এবং ১৪ হাজার ৬০০ টাকা নগদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের মোট সিজার মূল্য ১৯ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করা হয়েছে।

সীমান্তের নিরাপত্তা ও সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সন্দেহজনক কোনো কর্মকাণ্ড বা অবৈধ অনুপ্রবেশের তথ্য পাওয়া গেলে তা বিজিবিকে জানানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

Share This Article
Leave a Comment