ডেস্ক নিউজ
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত সার্ভিস লেন বুধবার (২ সেপ্টেম্বর) সাধারণ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। প্রকল্পের আওতায় এটিই প্রথম কোনো অংশ, যা জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হচ্ছে।
এর ফলে রাজধানীর উত্তরা থেকে আশুলিয়ামুখী যানবাহনের চলাচল আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘এটিই প্রকল্পের আওতায় প্রথম অংশ, যার সুবিধা জনসাধারণ আগামীকাল থেকে ভোগ করতে পারবেন। সার্ভিস লেনটি আগামীকাল খুলে দেওয়া হচ্ছে।’
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার জানান, ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত দুই লেনবিশিষ্ট দুটি সার্ভিস সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। প্রতিটি সেতুর দৈর্ঘ্য ৩ দশমিক ৭১ কিলোমিটার।
সেতু দুটি উন্মুক্ত করার অনুষ্ঠান ২ সেপ্টেম্বর সকাল ১০টায় ধউর সেতুর ওপর অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সেতুমন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
প্রকল্প সূত্রে জানা গেছে, তুরাগ নদীর স্বাভাবিক পানি প্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে সার্ভিস লেন ও এক্সপ্রেসওয়ের মূল লেন নির্মাণ করা হচ্ছে। এ কারণে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশাপাশি স্থানীয় যানবাহন চলাচলের জন্য উড়ালপথে দুই লেনের পৃথক দুটি সার্ভিস লেন সেতুর নকশা করা হয়েছে।
প্রায় ৩ দশমিক ৭১ কিলোমিটার দীর্ঘ এই অংশের সার্ভিস লেনের নির্মাণকাজ গত আগস্টেই শেষ হয়েছে। এরই মধ্যে সার্ভিস লেনে কালো পিচ ঢালাই ও সড়কের রোড মার্কিংয়ের কাজও সম্পন্ন করা হয়েছে।
বুধবার থেকে সেতুটি সাধারণ যানবাহনের জন্য খুলে দেওয়ার ফলে ঢাকা-আশুলিয়া সড়কে চলাচলকারী মানুষের যাতায়াতে নতুন সুবিধা যুক্ত হচ্ছে।

