ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৪০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে জেলার সীমান্তবর্তী হরিণমারী ঈদগাহ মাঠ এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় কোনো মালিককে আটক করা সম্ভব হয়নি।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, সিভিল সোর্স ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধীন মলানী লজিস্টিক ক্যাম্পের হাবিলদার মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল অভিযান পরিচালনা করে।
শনিবার রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে সীমান্ত পিলার ৩৮৫/৫-এস থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হরিণমারী ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৪০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে বিজিবি।
জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।
ঠাকুরগাঁও সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)–এর অধিনায়ক।
এ ছাড়া সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

