বিনোদন ডেস্ক
দেশের টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব। দুই দশকের বেশি সময় ধরে অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। টেলিভিশনের পাশাপাশি বর্তমানে ওটিটিতেও নিয়মিত কাজ করছেন এই অভিনেতা। তবে দীর্ঘ অভিনয়জীবনে বড় পর্দায় তার কাজের সংখ্যা মাত্র দুটি।
২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় অপূর্বের। তবে সিনেমাটি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় এরপর আর নিয়মিতভাবে সিনেমায় দেখা যায়নি তাকে।
এর প্রায় এক দশক পর ২০২৪ সালে ভারতের পশ্চিমবঙ্গের সিনেমা ‘চালচিত্র’-এ অভিনয় করেন অপূর্ব। সিনেমাটিতে তার উপস্থিতি ছিল স্বল্প সময়ের, কিন্তু অভিনয় দিয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ান তিনি। এরপর কেটে গেছে প্রায় দুই বছর। নতুন কোনো সিনেমায় তার যুক্ত হওয়ার খবরও প্রকাশ্যে আসেনি।
তবে এবার বড় পর্দায় ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। অপূর্ব জানিয়েছেন, তার সঙ্গে একসঙ্গে চারটি সিনেমা নিয়ে আলোচনা চলছে। যদিও এখনো কোনো সিনেমার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি।
সিনেমায় ফেরার বিষয়ে গণমাধ্যমকে অপূর্ব বলেন, ‘এখনো আলোচনা চূড়ান্ত হয়নি। শুধু এতটুকু বলতে পারি, একসঙ্গে চারটি সিনেমা নিয়ে কথা হচ্ছে। অনেক সময় দেখা যায়, শুটিং শুরু হওয়ার পরেও শেষ পর্যন্ত সিনেমাটি আর হয় না। এ কারণে আগে থেকে বলতে চাই না। কোনো কারণে পরবর্তী সময়ে সিনেমাটি না হলে দর্শকের আস্থা নষ্ট হয়ে যাবে। যখন বুঝতে পারব আসলেই হচ্ছে, তখন আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব।’
অপূর্বের বক্তব্যে স্পষ্ট, বড় পর্দায় ফেরার বিষয়টি নিয়ে তিনি ইতিবাচকভাবে ভাবছেন। তবে চারটি প্রস্তাবের মধ্যে কোন সিনেমাটি তার পছন্দের তালিকায় জায়গা করে নেয়, সেটিই এখন দেখার বিষয়। গল্প, চরিত্র ও সম্ভাব্য সাফল্যের দিকগুলো বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে চান এই অভিনেতা।
এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রে কনসার্টে অংশ নিয়ে প্রশংসা পেয়েছেন অপূর্ব। দেশে ফিরেই আবারও ব্যস্ত হয়ে পড়েছেন অভিনয়ে। মাসরিকুল আলমের নির্মাণে ‘নীলাঞ্জনা’ নাটকের শুটিং শুরু করেছেন তিনি। এতে তার সঙ্গে অভিনয় করছেন শার্লিন ফারজানা।
‘নীলাঞ্জনা’র কাজ শেষ করে টানা আরও সাতটি নাটকে অভিনয় করার পরিকল্পনার কথাও জানিয়েছেন অপূর্ব। ফলে টেলিভিশন ও ওটিটিতে ব্যস্ততার পাশাপাশি বড় পর্দায় তার নতুন যাত্রা শুরু হয় কি না, এখন সেদিকেই নজর তার ভক্তদের।

