আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনাসদস্য বহনকারী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলায় কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) হরমুজ প্রণালিতে চলাচলের সময় জাহাজটিতে চারটি ইরানি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে পেন্টাগনের বরাতে জানিয়েছে ফক্স নিউজ। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। এতে কয়েকজন মার্কিন সেনা আহত হন।
তবে জাহাজটিতে মোট কতজন মার্কিন সেনা ছিলেন এবং তাঁদের মধ্যে কতজন আহত হয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি পেন্টাগন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আহতদের অবস্থা গুরুতর নয়। তাঁদের উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশের কোনো একটিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হামলার শিকার জাহাজটি কোথা থেকে যাত্রা করেছিল বা এর গন্তব্য কোথায় ছিল, তা-ও জানা যায়নি। পেন্টাগন জানিয়েছে, জাহাজটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কিংবা সরকারের মালিকানাধীন কোনো জাহাজ নয়। এটি মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ একটি বাণিজ্যিক জাহাজ।
ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ফক্স নিউজ মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের সঙ্গে যোগাযোগ করে। পরে তাদের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। তবে সেন্টকমের কোনো মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
এখন পর্যন্ত হামলার ঘটনা নিয়ে ওয়াশিংটন বা তেহরানের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
হরমুজ প্রণালির গুরুত্ব
পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে হরমুজ প্রণালি। প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই জলপথ দিয়ে বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যের ক্ষেত্রে প্রণালিটির গুরুত্ব অনেক।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ইরান প্রণালিটি ব্যবহারকারী বিদেশি বাণিজ্যিক জাহাজের কাছ থেকে টোল আদায়ের ঘোষণা দেওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইরানের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে।
এরপর ইরান হরমুজ প্রণালিতে অবরোধ ঘোষণা করলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধের ঘোষণা দেন। এর ফলে ইরানের বন্দরগুলোতে দেশি-বিদেশি জাহাজের প্রবেশ ও বের হওয়ার কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে।
সূত্র: ফক্স নিউজ, আনাদোলু এজেন্সি

