ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভুল্লি থানার বড়গাঁও এলাকায় রেমি আক্তার (২৬) নামের এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রেমি আক্তার বড়গাঁও ইউনিয়নের কদমরসুল এলাকার মো. ফজলুল করিমের মেয়ে। স্থানীয়দের ভাষ্য, তিনি উচ্চশিক্ষিত ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে স্থানীয় লোকজন রেমিকে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অস্বাভাবিক মনে হওয়ায় মরদেহটি মর্গে রাখা হয়েছে।
রেমির মৃত্যুর কারণ নিয়ে স্বজনদের মধ্যে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। কারও দাবি, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। আবার কেউ বলছেন, তিনি ফাঁস দিয়েছিলেন। এ কারণে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এলাকায় ধোঁয়াশা তৈরি হয়েছে।
রেমির এমন অস্বাভাবিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ কী, তা নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছেন স্বজন ও এলাকাবাসী।

