জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি:সংগৃহীত

নিউজ ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় জাতিসংঘ সদরদপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে বিশ্বনেতা ও তাঁদের জীবনসঙ্গীদের সম্মানে এ প্রাতরাশের আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা তাঁদের সহধর্মিণীদের সঙ্গে নিয়ে মঞ্চে ওঠেন। সেখানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও তাঁর স্ত্রীর সঙ্গে তাঁরা ফটোসেশনে অংশ নেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানও ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তিনি জাতিসংঘ মহাসচিব ও তাঁর স্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফটোসেশনে অংশ নেন।

প্রাতরাশ শেষে সকাল ৯টায় প্রধানমন্ত্রী জাতিসংঘ সদরদপ্তরের সাধারণ পরিষদ হলে ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে অংশ নেন। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা উপস্থিত ছিলেন।

সফরসূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে জাতিসংঘে এটিই তাঁর প্রথম ভাষণ। প্রচলিত রীতি অনুযায়ী, তিনি বাংলায় বক্তব্য দেবেন।
অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি সফরকালে কয়েকটি দেশের সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Share This Article
Leave a Comment