অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারাল ব্রাজিল

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি:সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র করার পর সমালোচনার মুখে পড়েছিলেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। দ্বিতীয় ম্যাচে একাদশে সাতটি পরিবর্তন এনে দল সাজান তিনি। এবার অবশ্য ফল পেলেন ইতালিয়ান কোচ। অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে ব্রাজিল।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। তৃতীয় মিনিটে ডান দিক দিয়ে অস্ট্রেলিয়ার বক্সে ঢুকে নিচু শটে গোল করেন ভান্দেরসন। দ্রুত কয়েকটি পাসের পর তাঁর নেওয়া শট দূরের পোস্ট ঘেঁষে জালে জড়ায়।
গোল খেয়েও অস্ট্রেলিয়া ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি। ২৮ মিনিটে কর্নার থেকে আলেসান্দ্রো সিরকাতির গোলে সমতায় ফেরে স্বাগতিকেরা। পাঁচ মিনিট পর কনর মেটকাফের দুর্দান্ত শটে ২-১ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।
বিরতিতে যাওয়ার আগমুহূর্তে সমতায় ফেরে ব্রাজিল। অস্ট্রেলিয়ার বক্সে দানিলোর সঙ্গে হ্যারি সাউটারের চ্যালেঞ্জের পর ভিএআর দেখে ব্রাজিলকে পেনাল্টি দেন রেফারি। ৪৫ মিনিটে স্পটকিক থেকে গোল করেন রাফিনিয়া। অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ সঠিক দিকে ঝাঁপিয়েও বল আটকাতে পারেননি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই রাফিনিয়াকে তুলে নেন আনচেলত্তি। তাঁর জায়গায় মাঠে নামেন এন্দ্রিক। ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ডও দেওয়া হয় ব্রুনো গুইমারেসকে।
বিরতির পর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ব্রাজিল। ৬৯ মিনিটে এন্দ্রিকের তৈরি করা আক্রমণ থেকে গোল করে দলকে আবার এগিয়ে দেন ব্রুনো গুইমারেস। এরপর পেনাল্টি থেকে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে ব্যবধান আরও বাড়ে।
শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। প্রথম ম্যাচের ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পেল আনচেলত্তির দল।

Share This Article
Leave a Comment