নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
এর আগে গত সোমবার (২১ সেপ্টেম্বর) সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নিয়োগটি শপথ গ্রহণের দিন থেকে কার্যকর হয়েছে।
দেবাশীষ রায় চৌধুরী ২০২৪ সালের ৮ অক্টোবর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এর আগে যুক্তরাজ্য থেকে আইনে ডিগ্রি অর্জনের পর ২০০৫ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। ২০০৭ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ছেলে। অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের পর এবার তিনি হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে দায়িত্ব পেলেন।
তাঁর শপথের মধ্য দিয়ে হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারকের সংখ্যা ১০০ জনে দাঁড়িয়েছে।

