নিজস্ব প্রতিবেদক: নিরাপত্তাজনিত কারণে সাম্প্রতিক সময়ে দেশি-বিদেশি শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত বেশ কয়েকটি কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছে। বাতিল হওয়া আয়োজনগুলোর মধ্যে পাকিস্তানি শিল্পীদের কনসার্টের সংখ্যাই ছিল বেশি। এর মধ্যে পাকিস্তানি ব্যান্ড কাভিশ ও সংগীতশিল্পী আলী আজমতের কনসার্টও রয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে প্রথমবার বাতিল হওয়ার পর এবার দ্বিতীয়বারের মতো স্থগিত হলো তাদের আয়োজন।
বাতিল হওয়া কনসার্টের নতুন তারিখ, পরবর্তী আয়োজন কিংবা টিকিটের অর্থ ফেরতের বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। এর মধ্যেই দেশীয় সংগীতপ্রেমীদের জন্য নতুন আয়োজনের খবর দিয়েছে অ্যাডভেঞ্চার কমিউনিকেশনস।
আয়োজক প্রতিষ্ঠানটি আগামী অক্টোবরে রাজধানী ঢাকায় দেশীয় জনপ্রিয় ব্যান্ডগুলোকে নিয়ে বড় পরিসরে একটি কনসার্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। শিগগিরই এ আয়োজনের বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানা গেছে।
কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে থাকবেন নগর বাউল জেমস। পাশাপাশি পারফর্ম করবে অর্থহীন, শূন্য, অনি হাসান ও কাকতাল। সময়ের সঙ্গে কনসার্টের লাইনআপে আরও কয়েকটি ব্যান্ড যুক্ত হতে পারে বলেও আয়োজক সূত্রে জানা গেছে।
এদিকে, খুব শিগগিরই অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম টিকিফাইয়ে কনসার্টটির টিকিট পাওয়া যাবে বলে জানা গেছে।

