১০০ টাকার নিচে মিলছে না যেসব সবজি

নিজস্ব প্রতিবেদক
3 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:হেমন্তের শুরুতেই বাজারে আসতে শুরু করেছে শীতের আগাম সবজি। তবে নতুন সবজির সরবরাহ বাড়লেও রাজধানীর বাজারে সব ধরনের পণ্যের দাম কমেনি। টমেটো, শিম, গাজর, বেগুন ও দেশি শসার মতো কয়েকটি সবজি কিনতে ক্রেতাদের কেজিপ্রতি গুনতে হচ্ছে ১০০ টাকার বেশি। বিক্রেতারা বলছেন, মৌসুমের শুরুতে সরবরাহ কম থাকায় নতুন সবজির দাম বেশি। বাজারে সরবরাহ আরও বাড়লে দাম কমতে পারে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর গুলশান, কালাচাঁদপুর ও কুড়িল-সংলগ্ন কাঁচাবাজারসহ কয়েকটি বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। শিমের দাম ১২০ থেকে ১৪০ টাকা, গাজর ১৪০ টাকা, গোল বেগুন ১০০ থেকে ১২০ টাকা এবং দেশি শসা ১০০ থেকে ১১০ টাকা। ফলে এসব সবজি কিনতে গিয়ে বাড়তি খরচ করতে হচ্ছে ক্রেতাদের।

অন্যদিকে, সরবরাহ বাড়ায় বেশির ভাগ সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। বর্তমানে বাজারে করলা ৮০ টাকা, কাঁকরোল ৭০ থেকে ৮০ টাকা, ধুন্দল ৮০ টাকা, পটল ৬০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা এবং চিচিঙ্গা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হাইব্রিড শসার দাম ৭০ থেকে ৮০ টাকা এবং কচুর মুখির দাম ৭০ থেকে ৮০ টাকা কেজি।

কুড়িল-সংলগ্ন কাঁচাবাজারের সবজি বিক্রেতা আতিক হোসেন বলেন, মৌসুমের শুরুতে নতুন সবজির দাম সাধারণত বেশি থাকে। এ সময় বাজারে সরবরাহও তুলনামূলক কম থাকে। তবে নতুন সবজির সরবরাহ বাড়লে ধীরে ধীরে দাম কমে আসতে পারে।

জোয়ার সাহারা বাজারের বিক্রেতা সজিব হোসেন জানান, বাজারে সরবরাহ বাড়ায় কিছু সবজির দাম কমেছে। এতে ক্রেতার সংখ্যাও বেড়েছে। আগে পাইকারি বাজার থেকেই বেশির ভাগ সবজি বেশি দামে কিনতে হতো। ফলে খুচরা বাজারেও দাম ১০০ টাকার ওপরে রাখতে হয়েছে। এখন শীতের আগাম সবজি আসতে শুরু করায় অনেক পণ্যের দাম ৭০ থেকে ৮০ টাকার মধ্যে নেমে এসেছে।

তবে কিছু সবজির দাম কমলেও টমেটো, শিম ও গাজরের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে এখনও বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে ক্রেতাদের। কালাচাঁদপুরে সবজি কিনতে আসা মারুফ আল-আমিন বলেন, শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় আগের তুলনায় কিছু পণ্যের দাম কমেছে। তবে কয়েক ধরনের সবজির দাম এখনও ১০০ টাকার বেশি। রান্নার জন্য টমেটো প্রয়োজন হয়, কিন্তু বেশি দামের কারণে তা কেনা কঠিন হয়ে পড়ছে। একইভাবে শসা ও গাজরও আগের মতো কেনা যাচ্ছে না।

একই বাজারের ক্রেতা শিউলি আক্তার বলেন, কিছু সবজির দাম ১০ থেকে ২০ টাকা কমলেও নিম্নআয়ের পরিবারের জন্য তা যথেষ্ট নয়। শিম কিনতে এখনও কেজিপ্রতি ১২০ থেকে ১৪০ টাকা এবং টমেটো কিনতে ১৫০ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। এ মৌসুমে শসা ও গাজরের দামও ১০০ টাকার ওপরে থাকায় কেনাকাটা কঠিন হয়ে পড়েছে। তাই সংসারের খরচ সামলাতে তুলনামূলক কম দামের সবজি কিনতে হচ্ছে।

সব মিলিয়ে, বাজারে শীতের আগাম সবজির সরবরাহ শুরু হলেও কয়েকটি পণ্যের চড়া দাম ক্রেতাদের স্বস্তি দিচ্ছে না। সরবরাহ বাড়ার সঙ্গে এসব সবজির দাম আরও কমবে—এমন প্রত্যাশা করছেন ক্রেতারা।

Share This Article
Leave a Comment