দিল্লিতে বিক্ষোভের সময় আটক মমতা ব্যানার্জি

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের সময় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সাউথ অ্যাভিনিউ বাসস্ট্যান্ডের কাছে সড়কে বসে বিক্ষোভ করার সময় তাঁকে আটক করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা কর্মসূচিতে যোগ দেওয়ার সম্ভাবনার কথা আগেই জানিয়েছিলেন মমতা। শনিবার দিল্লির যন্তর মন্তরে এ বিক্ষোভ কর্মসূচি হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত তিনি সেখানে যোগ দিয়েছিলেন কি না, সে বিষয়ে প্রতিবেদনে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভের ডাক দিয়েছে সিজেপি। দলটির অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বিপুলসংখ্যক মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। বিরোধী দলগুলোর দাবি, এ প্রক্রিয়ার ফলে ক্ষমতাসীন বিজেপি নির্বাচনে সুবিধা পেতে পারে। তবে নির্বাচন কমিশন ও বিজেপি এসব অভিযোগ অস্বীকার করেছে।

দিল্লিতে কঠোর নিরাপত্তা, আটক বহু বিক্ষোভকারী

সিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার নয়াদিল্লিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি দেয়নি পুলিশ। রাজধানীর বিভিন্ন সড়কে ব্যারিকেড স্থাপন, মেট্রো স্টেশনে বিধিনিষেধ আরোপ এবং নির্দিষ্ট এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখার খবর পাওয়া গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে বহু আন্দোলনকারী ও নেতাকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপও রয়েছেন।

আন্দোলনকারীরা প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস, রয়টার্স

Share This Article
Leave a Comment