জেলা প্রতিনিধি, নীলফামারী: নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক টিটিসির বিভিন্ন ট্রেড ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন। এর আগে টিটিসির সম্মেলনকক্ষে তিন মাসমেয়াদি ডুয়াল ট্রেনিং সিস্টেম (ডিটিএস) প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, শুধু সনদ অর্জনের জন্য নয়, বরং বাস্তব দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। বিভিন্ন দেশে প্রশিক্ষিত যুবকদের ব্যাপক চাহিদা রয়েছে। টিটিসি থেকে যথাযথ প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করতে পারলে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ রানা, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুল মোমিন, মেকানিক্যাল ট্রেডের ইনস্ট্রাক্টর শরিফুল ইসলাম এবং নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম।

