ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, মৎস্য বিভাগের ৭ জন আহত

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালানোর সময় মৎস্য বিভাগের কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে উপজেলার কুমারখালী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে জেলা মৎস্য কর্মকর্তাসহ সাতজন আহত হয়েছেন। তাঁদের ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের নেতৃত্বে মঙ্গলবার মধ্যরাত থেকে সুগন্ধা নদীতে ইলিশ রক্ষায় অভিযান শুরু হয়। এ সময় অভিযানে একটি স্পিডবোট ও একটি ইঞ্জিনচালিত ট্রলার ব্যবহার করা হয়।

অভিযান চলাকালে নলছিটি উপজেলার কুমারখালী এলাকায় ১২টি ইঞ্জিনচালিত নৌকায় করে একদল জেলে এসে অভিযান পরিচালনাকারী দলের পথরোধ করেন। পরে তাঁরা লাঠিসোঁটা ও রামদা নিয়ে মৎস্য বিভাগের কর্মীদের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

হামলায় জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস স্পিডবোট থেকে পড়ে আহত হন। আহত অন্যদের মধ্যে রয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক, আনসার ও ভিডিপির তিন সদস্য—হাবিলদার আবদুর রহিম, সিপাহি সাকিব হাসান ও সিপাহি সেলিম মিয়া। এ ছাড়া মাঝি মো. রেজাউল করিম, চালক মো. মোস্তফা সিকদার এবং অফিস সহায়ক মো. রমজান আলী খলিফাও আহত হয়েছেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক জানান, মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাঁদের একটি দল সুগন্ধা নদীতে দায়িত্ব পালন করছিল। এ সময় দলের সদস্যদের ওপর হামলা চালানো হয়। এতে মৎস্য বিভাগের সাতজন আহত হন।

তিনি আরও জানান, হামলাকারীরা নৌযানের চালক ও মাঝিকে মারধর করেন। পাশাপাশি রামদা দেখিয়ে ভবিষ্যতে অভিযানে অংশ না নিতে হুমকি দেওয়া হয়। অভিযানে সহযোগিতা না করার জন্য মাঝিদের কান ধরে ওঠবস করানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

Share This Article
Leave a Comment