ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি:দৈনিক উত্তর দিগন্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ​বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঠাকুরগাঁও সদর উপজেলার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের কেন্দ্রস্থলে এ কর্মসূচি পালন করা হয়। ​প্রতিবাদ সমাবেশে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ বুলেট তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের কাজ যখন এগিয়ে চলেছে, ঠিক তখনই একটি “গুপ্ত সংগঠন” মিথ্যাচার ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে। ​তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “মানুষকে ধোঁকা দিয়ে বা মিথ্যা প্রবঞ্চনা ছড়িয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা হলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তা রাজপথেই দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।” ​ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ নেতৃত্বের দিকটি তুলে ধরে তিনি আরও বলেন, “ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা বাংলাদেশের রাষ্ট্র মেরামতের দায়িত্ব নিয়েছেন। তাঁরই উত্তরসূরী ও অনুজ মির্জা ফয়সাল আমিনের নেতৃত্বে আগামী দিনে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন ও মেরামতের কাজ এগিয়ে নেওয়া হবে।” অপপ্রচার ও সন্ত্রাসের বিরুদ্ধে দলমত-নির্বিশেষে ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ​প্রতিবাদ সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান কামুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম মুকুল, সদস্য জাহাঙ্গীর, আরিফুল ও রাব্বি। ​এছাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুব, সাধারণ সম্পাদক মহসিন, সাংগঠনিক সম্পাদক আবু সালিক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মিলটন, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রকি এবং পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন। ​সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দলীয় নেতাদের স্লোগান দিয়ে সমাবেশ শেষ করা হয়।

Share This Article
Leave a Comment