নিজস্ব প্রতিবেদক:২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শনিবার (৩১ অক্টোবর) ফল প্রকাশ করা হবে। এর আগে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা জানানো হয়েছিল।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি সৈয়দ আক্তারুজ্জামান।
এর আগে গত শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ২৯ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তবে পরবর্তী সিদ্ধান্তে ফল প্রকাশের তারিখ পিছিয়ে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়।
এবার নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।

