রংপুর প্রতিনিধি: কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে প্রথম ইউনিটের জন্য আনা অতিরিক্ত জ্বালানি ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়াম।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টা ২১ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় তিনটি লরিতে করে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি নাটোর-কুষ্টিয়া-পাবনা মহাসড়ক হয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে।
গাড়িবহরটি গ্রহণ করেন প্রকল্প পরিচালক ড. জাহেদুল হাছানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় প্রকল্পে কর্মরত রাশিয়ার নাগরিক এবং শ্রমিক-কর্মকর্তারা কনভয়কে স্বাগত জানান।
এর আগে শনিবার সকাল ৭টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশে রূপপুরের দিকে যাত্রা শুরু করে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি। নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনীর পাশাপাশি এসআরবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ছিলেন।
গাড়িবহরটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে বিশেষ নিরাপত্তাবলয় তৈরি করা হয়। নিরাপত্তার অংশ হিসেবে বেলা পৌনে ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত পাবনা-নাটোর-কুষ্টিয়া মহাসড়কে ছোট-বড় সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে প্রথম ইউনিটের জ্বালানি বহনকারী একটি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালান গ্রহণ করেন।
পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে আরও নয়টি ফ্লাইটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি দেশে আসার কথা রয়েছে।
রাশিয়া থেকে এসব জ্বালানি কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে পৌঁছাবে।

