গাজায় হত্যাকাণ্ডের দায় ধ্বংসস্তূপের আড়ালে চাপা দেওয়া যাবে না : অ্যামনেস্টি

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :গাজায় ফিলিস্তিনিদের হত্যাকাণ্ডের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলেছে, গাজার ধ্বংসস্তূপের আড়ালে এসব হত্যাকাণ্ডের দায় চাপা দেওয়া যাবে না। একই সঙ্গে আন্তর্জাতিক আইন, ন্যায়বিচার ও ভুক্তভোগীদের অধিকার নিশ্চিত করেই উপত্যকাটির পুনর্গঠন ও ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অ্যামনেস্টি জানায়, যুদ্ধবিরতি চুক্তির পর থেকে এক হাজার ৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এখনো প্রায় ২০ লাখ মানুষের আশ্রয় প্রয়োজন। গাজার কোনো হাসপাতালই পুরোপুরি সচল অবস্থায় নেই।

সংস্থাটি আরও জানায়, গাজায় ১৪ লাখ মানুষ খাদ্যসংকটের গুরুতর পর্যায়ে রয়েছেন। এ পরিস্থিতিতে উপত্যকাটির মানবিক সংকট মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা জরুরি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বক্তব্য অনুযায়ী, ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনা এবং আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বাধ্যতামূলক আদেশ বাস্তবায়নে ব্যর্থতা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যাপক নৃশংস অপরাধ সংঘটিত হওয়ার ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।

সংস্থাটি মনে করে, গাজার পুনর্গঠন কেবল অবকাঠামো নির্মাণের বিষয় নয়। এর সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে চলা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ক্ষতিগ্রস্তদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার বিষয়গুলোও গভীরভাবে জড়িত।

অ্যামনেস্টি বলেছে, গাজার ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে জবাবদিহি ও ন্যায়বিচারকে গুরুত্ব দিতে হবে, যাতে ধ্বংসযজ্ঞের আড়ালে মানবাধিকার লঙ্ঘনের দায় হারিয়ে না যায়।

Share This Article
Leave a Comment