জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের ৩ জন

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী একই পরিবারের তিন সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালকসহ দুজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে আট মাস বয়সী এক শিশুও রয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক।

নিহতরা হলেন ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম (২৫), তাঁর স্ত্রী ইকরামা (২০), তাঁদের আট মাস বয়সী শিশুসন্তান রিফা এবং মোটরসাইকেল আরোহী শওকত হাসান লিখন (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে শিমুলতলী থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। একই সময়ে জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। পথে জামালপুরগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী শওকত হাসান লিখন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

এরপর ট্রাকটি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান একই পরিবারের তিন সদস্য মোর্শেদ আলম, তাঁর স্ত্রী ইকরামা ও তাঁদের শিশু সন্তান রিফা।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। তাঁদের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত শওকত হাসান লিখনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় অটোরিকশাচালক হযরত আলী (৪২) ও যাত্রী শাকিল (১৬) আহত হয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মেলান্দহ থানার ওসি এ টি এম মাহমুদুল হক জানান, দুর্ঘটনায় একই পরিবারের তিনজন ঘটনাস্থলে নিহত হন। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Share This Article
Leave a Comment