কক্সবাজারে গ্যাসের আগুন ৩৫ ঘণ্টা ধরে জ্বলছে, বিস্ফোরণের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক:  কক্সবাজারের উখিয়ায় ভূগর্ভ থেকে বেরিয়ে আসা গ্যাসে লাগা আগুন ৩৫ ঘণ্টা পার হলেও নেভানো যায়নি। সম্ভাব্য বিস্ফোরণ ও ভূমিধসের ঝুঁকি থাকায় ঘটনাস্থলের আশপাশের মানুষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে ইনানীর ছোট ব্রিজসংলগ্ন একটি খাল এলাকায় গভীর নলকূপ খননের সময় এ আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় এক হাজার ফুট গভীরে খননকাজ চলার সময় হঠাৎ প্রচণ্ড বেগে গ্যাস বের হতে শুরু করে। এরপরই আগুন ধরে যায়।

 

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট, সেনাবাহিনীর ফায়ার টিম ও পুলিশ কাজ করে। পানি ও বালু ব্যবহার করেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে পরিস্থিতি পর্যালোচনার জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হয়।

 

বুধবার দুপুরে বাপেক্সের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে গ্যাসের নমুনা সংগ্রহ করে। দলটির নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির ভূতত্ত্ব বিভাগের ব্যবস্থাপক এস এম নাফিফুন আরহাম।

বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, ভূগর্ভ থেকে গ্যাসের প্রবাহ অব্যাহত থাকলে আগুন আরও কয়েক দিন জ্বলতে পারে। তবে আগুন কখন পুরোপুরি নিভবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

 

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার জানান, নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল থেকে অন্তত ২০০ মিটার দূরে থাকতে বলা হয়েছে। স্থানীয় বাসিন্দা, দর্শনার্থী ও সংবাদকর্মীদেরও নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এলাকাটিতে সতর্কতা বজায় রাখার ওপর গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

সতর্কবার্তা: গ্যাস উদ্গীরণস্থলের কাছে আগুন, ধূমপান বা অন্য কোনো অগ্নিসংযোগের কাজ থেকে বিরত থাকুন এবং প্রশাসনের নির্দেশনা অনুসরণ করুন।

Share This Article
Leave a Comment