বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি:সংগৃহীত

নিউজ ডেস্ক: শক্তিশালী গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, আইনের শাসন সবার জন্য সমানভাবে কার্যকর করা হবে। পাশাপাশি মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার কথাও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের দেওয়া ম্যান্ডেট বাস্তবায়নে সরকারের পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা রয়েছে।
এ পরিকল্পনায় জাতীয় স্বার্থ সুরক্ষা, নীতিমালার ধারাবাহিকতা বজায় রাখা, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকার এখন প্রতিশ্রুতির পর্যায় পেরিয়ে সেগুলোর বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে।

জনগণের জন্য সরকারি সহায়তা ও সেবা আরও সহজ করতে ‘ফ্যামিলি কার্ড’, ‘কৃষক কার্ড’ ও ‘হেলথ কার্ড’ চালুর কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ভবিষ্যতে ‘ইউনিভার্সেল কার্ড’-এর মাধ্যমে বিভিন্ন সরকারি সেবা একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। এতে ১০০টির বেশি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের সংলাপে প্রায় ২০০ জন বক্তা থাকবেন।

আন্তর্জাতিক এই আয়োজনে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা এবং মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদসহ বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক, গবেষক ও নীতিনির্ধারকেরা অংশ নিচ্ছেন।

এবারের সংলাপের প্রতিপাদ্য ‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচারস: নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন আ ওয়ার্ল্ড রিরিটেন’। এতে ভূরাজনীতি, প্রযুক্তি, অর্থনীতি, জলবায়ু, মানবনিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।

Share This Article
Leave a Comment