আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৯৯৩ সালে প্রয়াত আধ্যাত্মিক নেতা স্বামী চিন্ময়ানন্দের হলোগ্রাফিক অ্যাভাটারের সঙ্গে কথা বলেছেন। এ সময় নিজের ভবিষ্যৎ কর্মপ্রচেষ্টার জন্য তাঁর আশীর্বাদও চান মোদি।
শুক্রবার (২৪ অক্টোবর) নয়াদিল্লিতে চিন্ময় অমৃত মহোৎসব গ্লোবাল সম্মেলনের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে স্বামী চিন্ময়ানন্দের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর হলোগ্রাফিক অ্যাভাটারের সঙ্গে কথোপকথনে অংশ নেন তিনি। এ সময় আধ্যাত্মিক নেতার সঙ্গে নিজের সাক্ষাতের স্মৃতিও তুলে ধরেন মোদি।
কথোপকথনের একপর্যায়ে মোদি বলেন, ‘আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল, এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। আজ আমি যে কাজগুলো করতে চাই, সেগুলোর জন্য আপনার আশীর্বাদ চাই।’
জবাবে অ্যাভাটারটি মোদির প্রধানমন্ত্রী হওয়ায় আনন্দ প্রকাশ করে তাঁকে সমর্থন জানিয়ে বলে, ‘ভারত আপনার সঙ্গে আছে, নরেন্দ্র।’
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এই আয়োজনকে অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন মোদি। সাধুদের আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘এটি এক ভিন্ন ধরনের আধ্যাত্মিক অভিজ্ঞতা। এটি আমার জন্য সাধুদের আশীর্বাদ। চিন্ময় মিশন শুধু একটি প্রতিষ্ঠান নয়; এটি “চিন্ময় বিচার”-এর প্রতিনিধিত্ব করে।’
হলোগ্রাফিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে মোদি বলেন, ‘এখানে প্রযুক্তির ব্যবহার এই অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত করে তুলেছে। হলোগ্রামের মাধ্যমে চিন্ময়জির দিব্য উপস্থিতি দেখে আমার মনে হয়েছে, আমি যেন ৩৩ বছর আগের সময়ে ফিরে গেছি।’
প্রযুক্তির মাধ্যমে প্রয়াত আধ্যাত্মিক নেতার উপস্থিতির অভিজ্ঞতা তুলে ধরার এই আয়োজন সম্মেলনে বিশেষ মাত্রা যোগ করে।

