নিউজ ডেস্ক:রাষ্ট্র পরিচালনায় ব্যক্তি পরিবর্তন হলেও বিদ্যমান কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর মতে, রাষ্ট্র পরিচালনার পদ্ধতিতে প্রয়োজনীয় সংস্কার না হলে নতুন নেতৃত্বের অধীনেও পুরোনো শাসনব্যবস্থার পুনরাবৃত্তি ঘটতে পারে।
সোমবার (২৬ অক্টোবর) মুন্সীগঞ্জ শহরের একটি পার্টি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার আমলে যেভাবে রাষ্ট্র পরিচালিত হয়েছে, বর্তমানেও সেই কাঠামোর মধ্যেই অন্য একজন দেশ পরিচালনা করছেন। তাঁর ভাষায়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে চালক পরিবর্তন হলেও মেশিনটি আগের মতোই রয়ে গেছে।
তিনি আরও বলেন, রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করা না গেলে তারেক রহমানও আগের শাসনপদ্ধতির পথ অনুসরণ করতে পারেন। শুধু ক্ষমতার পালাবদল দিয়ে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয়। এ জন্য রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কারের পাশাপাশি সামগ্রিক পরিচালনাব্যবস্থায় মৌলিক পরিবর্তন প্রয়োজন।
সভায় এনসিপির সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলের প্রস্তুতি, পরিকল্পনা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণের বিষয়টি গুরুত্ব পায়।
দলীয় কার্যক্রম পর্যালোচনা এবং স্থানীয় নির্বাচনকেন্দ্রিক কৌশল নির্ধারণের উদ্দেশ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলমসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

