ভারত-নেপালে বন্যা ও ভূমিধসে ৭০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি:সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও নেপালে টানা ভারী বৃষ্টি ও ঝড়ে বন্যা ও ভূমিধসে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভারতে ৫৬ জন এবং নেপালে ১৪ জন মারা গেছেন। নেপালে এখনো ১১ জন নিখোঁজ রয়েছেন। নতুন করে আকস্মিক বন্যার আশঙ্কায় দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই সময়ে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ হওয়ার কথা ছিল ৭ দশমিক ৬ মিলিমিটার। অতিরিক্ত বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।বন্যাকবলিত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধারকর্মীরা কাজ করছেন। ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণও বিতরণ করা হচ্ছে। বন্যায় ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বন্যা ও ভূমিধসে ভারতে ৪৬ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজারের বেশি বাড়ি।

অন্যদিকে, নেপালের ৭৭টি জেলার মধ্যে ৪৯টিতে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। দেশটির প্রধান নদী ও শাখা নদীগুলোর পানি বাড়তে থাকায় অর্ধেকের বেশি জেলা বন্যার উচ্চঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বন্যার কারণে নেপালের মানাং, মুস্তাং, মিয়াগদি ও বাগলুং জেলায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ অবকাঠামো সচল করতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।রাহুগঙ্গা নদীর পানির তোড়ে একটি ৪০ মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্পের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন লাইনের কয়েকটি টাওয়ারও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যার প্রভাবে নেপালের বিভিন্ন এলাকায় টেলিযোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অপটিক্যাল ফাইবার ও বিদ্যুৎ সরবরাহব্যবস্থা।
ভারতের কেন্দ্রীয় পানি কমিশন জানিয়েছে, দেশটির সাতটি রাজ্যের ৩০টি নদী পর্যবেক্ষণ কেন্দ্রে পরিস্থিতি ‘গুরুতর’। গঙ্গা, গণ্ডক, কোসি, বাগমতী ও নর্মদাসহ কয়েকটি বড় নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে নেপালের উত্তরাঞ্চলীয় মানাং জেলায় হিমলুং হিমাল পর্বতের বেস ক্যাম্প তুষারধসে চাপা পড়েছে। সেখানে কাজ করা ১০ স্থানীয় শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Share This Article
Leave a Comment