পড়াশোনার চাপের কথা চিরকুটে, ঠাকুরগাঁওয়ে চিরনজিতের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: দৈনিক উত্তর দিগন্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় চিরনজিত নামে এক যুবক আত্মহত্যা করেছে । সোমবার (১৭ আগস্ট) উপজেলার পাড়িয়া ইউনিয়নের আঠোয়ারী গ্রামে এ ঘটনা ঘটে।

চিরনজিত ওই গ্রামের প্রেমলালের ছেলে। স্থানীয়দের ভাষ্য, সামনে পরীক্ষা থাকায় পড়াশোনা শেষ করতে না পারা এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি। এ নিয়ে মানসিকভাবে চাপে ছিলেন বলেও জানান তাঁরা।

ঘটনার আগে পরিবারের সদস্যদের উদ্দেশে একটি চিরকুট লিখে যান চিরনজিত। সেখানে নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার কথা উল্লেখ করেন তিনি। একই সঙ্গে বাবা-মা, দাদা-দাদি ও ছোট ভাইয়ের কাছে ক্ষমা চান।

চিরকুটে পড়াশোনায় ফাঁকি দেওয়ার জন্য পরিবারের প্রত্যাশা পূরণ করতে না পারার কষ্ট এবং আসন্ন পরীক্ষা নিয়ে উদ্বেগের কথাও লিখেছেন তিনি। পরিবারের উদ্দেশে তিনি লেখেন, ‘আমি তোমাদের কথা রাখতে পারিনি।’ নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি ছোট ভাইকে ভালোভাবে মানুষ করার আহ্বান জানান। একই সঙ্গে ছোট ভাইকে তাঁর মতো ভুল না করার অনুরোধও করেন।

চিরনজিতের আত্মহত্যার ঘটনায় পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, পড়াশোনা, পরীক্ষা ও ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত প্রত্যাশা অনেক সময় তরুণদের ওপর মানসিক চাপ তৈরি করতে পারে। এ ধরনের পরিস্থিতিতে পরিবারের সদস্যদের উচিত সন্তানের কথা মনোযোগ দিয়ে শোনা, তার উদ্বেগ ও সমস্যাগুলো বোঝার চেষ্টা করা এবং প্রয়োজন হলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তা নেওয়া।

Share This Article
Leave a Comment