ঠাকুরগাঁও সীমান্তে ২৫৩ বোতল ফেন্সিবিল ও ১৪৪ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: দৈনিক উত্তর দিগন্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ২৫৩ বোতল ফেন্সিবিল ও ১৪৪ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আজ রোববার (২৩ আগস্ট) ভোর চারটার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)–এর অধীন কাঁঠালডাংগী বিওপির টহলদল এ অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা গেছে, সিভিল সোর্স ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাবিলদার মো. মোফাজ্জল হোসেনের নেতৃত্বে কাঁঠালডাংগী বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের মেইন পিলার ৩৭০ থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গেরুয়াডাংগী এলাকায় তল্লাশি চালানো হয়।

অভিযানের একপর্যায়ে সেখানে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ২৫৩ বোতল ভারতীয় ফেন্সিবিল ও ১৪৪ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে এসব মাদকদ্রব্য জব্দ করে বিজিবি।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

Share This Article
Leave a Comment