রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে  ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে নির্বাচন কমিশনার, ইসি সচিবালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও অংশ নেবেন।

সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও ভোট গ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
এক কর্মকর্তা জানান, ভারপ্রাপ্ত স্পিকার, সংসদ সচিবালয়ের সচিবসহ রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে সিইসি, নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের কর্মকর্তাদের এ বৈঠক হবে। বৈঠকে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে এরই মধ্যে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট। তবে ক্ষমতাসীন বিএনপি এখনো তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি।

দলীয় প্রার্থী একাধিক হলে এবারের রাষ্ট্রপতি নির্বাচন ভোটের মাধ্যমে হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৯৯১ সালে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর দ্বিতীয়বারের মতো এমন পরিস্থিতি তৈরি হতে পারে। এর আগে ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস নির্বাচিত হয়েছিলেন।
গত সাতটি রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এবারও একই ধরনের পরিস্থিতি তৈরি হবে বলে ধারণা করা হলেও জামায়াত জোট প্রার্থী ঘোষণা করায় নির্বাচন নিয়ে নতুন করে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন।

Share This Article
Leave a Comment