ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
রোববার (৩০ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে তাঁর প্রার্থিতা ঘোষণা করা হয়। দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম আনুষ্ঠানিকভাবে দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম প্রধান মাধ্যম নির্বাচন। জামায়াতে ইসলামী দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে রয়েছে। এ কারণে দলটি সব ধরনের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, ১১ দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের অংশ হিসেবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দেলাওয়ার হোসেনকে জামায়াতের প্রার্থী এবং ১১ দলের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো। জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারলে এবং নির্বাচন নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হলে তাঁদের প্রার্থী জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঠাকুরগাঁওয়ের সাবেক জেলা আমির মাওলানা আব্দুল হাকিম, দিনাজপুরের সাবেক জেলা আমির মাওলানা আনোয়ারুল ইসলাম, নীলফামারীর সাবেক জেলা আমির আব্দুর রশিদ, পঞ্চগড় জেলা আমির ইকবাল হোসেন এবং ঠাকুরগাঁও জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলমগীর।
সমাবেশে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও-১ আসনের মধ্যে ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লি উপজেলা রয়েছে। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
ওই জাতীয় সংসদ নির্বাচনেও জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দেলাওয়ার হোসেন। এবার শূন্য আসনটিতে উপনির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। শিগগিরই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

