বাণিজ্য ডেস্ক
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মোহাম্মদ আখতার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান অর্থনীতিবিদ পদে নিয়োগপ্রাপ্ত মোহাম্মদ আখতার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ থেকে বাতিল করা হলো।
এর আগে ২০২৫ সালের ১ জুলাই মোহাম্মদ আখতার হোসেনকে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। সেই হিসাবে তাঁর নিয়োগের মেয়াদ শেষ হওয়ার এখনো প্রায় ১০ মাস বাকি ছিল। এর মধ্যেই তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলো।
বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক বিশ্লেষণ ও নীতি প্রণয়নে প্রধান অর্থনীতিবিদের পদটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। দেশের সামষ্টিক অর্থনীতি, মুদ্রানীতি ও অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণে এ পদ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ ও নীতিগত সহায়তা দেওয়া হয়ে থাকে।
সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের মেয়াদে মোহাম্মদ আখতার হোসেন বিদেশ থেকে দেশে এসে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব নেন।
তাঁর নিয়োগ বাতিলের সিদ্ধান্তের বিষয়ে প্রজ্ঞাপনে বিস্তারিত কোনো কারণ উল্লেখ করা হয়নি।

