ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে কষ্টিপাথরের মূর্তি, কষ্টিপাথরের টুকরা, প্রচীন আমলের মদের বোতল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবহৃত প্রায় ২০০ বছরের পুরোনো স্ট্যাম্প ও শঙ্খ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহলদল ব্যাটালিয়ন সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ঠাকুরগাঁও সদর থানার লক্ষীপুর এলাকায় অভিযানটি পরিচালনা করে।
অভিযানে আসামিবিহীন অবস্থায় একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। মূর্তিটির ওজন ১৪ কেজি ৪০০ গ্রাম। এ ছাড়া ২২ কেজি ১০০ গ্রাম ওজনের তিনটি কষ্টিপাথরের টুকরা, প্রাচীন আমলের দুটি খালি মদের বোতল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবহৃত প্রায় ২০০ বছরের পুরোনো দুটি স্ট্যাম্প এবং একটি শঙ্খ উদ্ধার করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তি ও টুকরার মোট ওজন ৩৬ কেজি ৫০০ গ্রাম। জব্দ করা সব সামগ্রীর সিজার মূল্য ধরা হয়েছে ৩৬ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা।
৫০ বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে বিভিন্ন কৌশলী পরিকল্পনা নিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ ছাড়া সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা চেয়েছে বিজিবি। সীমান্তের নিরাপত্তা ও সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যেকোনো তথ্য বিজিবিকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

