বিএনপিকে হুমকি দেবেন না, বিএনপি কারও হুমকিকে পরোয়া করে না

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি:সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ‘বিএনপিকে হুমকি দেবেন না। বিএনপি কারও হুমকিকে পরোয়া করে না’—বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।তিনি বলেন, বিএনপিই একমাত্র দল, যার প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁর সুযোগ্য পুত্র তারেক জিয়া—তিন প্রধানই জাতিসংঘে ভাষণ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। এই দলের কর্মী হিসেবে তাঁরা গর্বিত বলেও উল্লেখ করেন তিনি।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মীর শাহে আলম বলেন, ‘একটি দলের অভিনয় দেখতে দেখতে আমরা অস্থির।’ বন্যার সময় ওই দলের নেতা বাঁশখালীতে এসে পাঞ্জাবি ও গেঞ্জি খুলে হাঁটুপানিতে নেমেছিলেন বলেও মন্তব্য করেন তিনি।
তবে তখন ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কোনো সহায়তা দিতে পারেননি বলে দাবি করেন প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং বিভিন্নভাবে তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করে যাচ্ছেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বাঁশখালীর সড়ক, কালভার্ট ও বেড়িবাঁধের উন্নয়নকাজ শিগগির শুরু হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০টি পরিবারের ঘর নির্মাণ ও পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তার চেক দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও-বিষয়ক প্রধান ও বাঁশখালীর সন্তান ড. মোহাম্মদ জকরিয়া বলেন, চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এতে মোট ব্যয় হচ্ছে ১ কোটি ৫৩ লাখ টাকা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবুর রহমান শামীম। তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জেলা পরিষদ কাজ করছে। পরিবারগুলো যাতে দ্রুত ঘুরে দাঁড়িয়ে ঘরবাড়ি পুনর্নির্মাণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে জন্য এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পটিয়ার সংসদ সদস্য এনামুল হক, ইদ্রিস মিয়া, চট্টগ্রাম জেলা প্রশাসক, চট্টগ্রাম পুলিশ সুপার, বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান মাস্টার লোকমান আহমদ, আমিনুর রহমান চৌধুরী, কামরুল ইসলাম হোসাইনী, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এবং চট্টগ্রাম জেলা জজ ও দায়রা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাসির উদ্দিন।

এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a Comment