ডেস্ক রিপোর্ট: অ-২০ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ নারী ও পুরুষ দল অংশ নিয়েছিল। আগের আসরে পুরুষ দল ষষ্ঠ স্থানে থাকায় প্রথমবারের মতো যুব বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। এবার অবশ্য বাংলাদেশের মেয়েরা বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি। তবে চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ নারী দল।
নারী অ-২০ এশিয়া কাপে দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছিল। এর মধ্যে একটি গ্রুপে ছিল তুলনামূলকভাবে উন্নয়নশীল দেশগুলো। অন্য গ্রুপে ছিল শক্তিশালী দলগুলো। চ্যালেঞ্জার গ্রুপে সেরা হওয়ায় বাংলাদেশ পেয়েছে চ্যাম্পিয়নের ট্রফি।
টুর্নামেন্টের সার্বিক ফলাফলে বাংলাদেশ পঞ্চম স্থান অর্জন করেছে। জাপানের কাছে হারের পর পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়াকে হারায় বাংলাদেশ। পরে জমকালো সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ দলের হাতে চ্যালেঞ্জার গ্রুপের চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন আয়োজকেরা।
পুরো প্রতিযোগিতায় বাংলাদেশের খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও নজর কেড়েছেন বাংলাদেশের শারিকা সাফা রিমন। টুর্নামেন্টে সাতটি গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন তিনি।
রিমনের এই অর্জনের জন্য বাংলাদেশ হকি দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন।

