বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়ে মাঠেই আসেনি চীন

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের উদ্বোধনের দিনই অদ্ভুত এক অভিজ্ঞতার মুখে পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চীনের আমন্ত্রণে তাদের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে নির্ধারিত সময়ে মাঠে গেলেও প্রতিপক্ষের দেখা পায়নি বাংলাদেশ।

শনিবার সকাল ৯টায় ম্যাচটি হওয়ার কথা ছিল। সে অনুযায়ী বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়েরা সকাল সাড়ে ৭টার দিকে মাঠে পৌঁছান। তবে সেখানে গিয়ে তারা জানতে পারেন, ম্যাচটি হচ্ছে না। পরে নিশ্চিত হওয়া যায়, চীনের নারী দল মাঠে আসেনি।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার ফাইয়াজ আহমেদ বলেন, ‘৯টার ম্যাচের জন্য আমরা সাড়ে ৭টায় মাঠে আসি। এসে কিউরেটরের কাছ থেকে জানতে পারি খেলা হবে না। পরে জানতে পারি, চীন আসবে না। তাই আগামীকাল সেমিফাইনালের প্রস্তুতি নিচ্ছি।’

চীনের আগ্রহেই বাংলাদেশ দল প্রীতি ম্যাচ খেলতে সম্মতি দিয়েছিল বলে জানান বাংলাদেশের শেফ দ্য মিশন ইমরোজ আহমেদ। তাঁর ভাষ্য, অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) বাংলাদেশকে চীনের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার অনুরোধ জানিয়েছিল। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে ম্যাচটি আয়োজনের বিষয়ে সম্মতি দেওয়া হয়।

ইমরোজ আহমেদ বলেন, ‘সবকিছু ঠিকঠাক করার পরও তারা মাঠে আসেনি। বিষয়টি আমি ওসিএকে জানিয়েছি।’

চীন কেন শেষ পর্যন্ত মাঠে আসেনি, সে বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বাংলাদেশ দলের শেফ দ্য মিশনের ধারণা, ম্যাচটি নিয়ে দুই পক্ষের মধ্যে বোঝাপড়ার ঘাটতি থাকতে পারে।

এর আগে এশিয়ান গেমসের নারী ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ও চীনের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু টানা কয়েক দিনের বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী থাকায় ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। পরে আইসিসি র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে বাংলাদেশ সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেয়।

এরপর দুই দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে মাঠে দেখা গেল না চীনের নারী ক্রিকেট দলকে।

Share This Article
Leave a Comment