নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগে তিন মৎস্য ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে নিষিদ্ধ এই মাছের চাষ, পরিবহন ও বিক্রি না করার জন্য তাঁদের সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বোড়াগাড়ী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী।
জরিমানা দেওয়া তিন ব্যবসায়ী হলেন বোড়াগাড়ী বাজারের সন্তোষ কুমার দাস, রবিউল ইসলাম ও আব্দুর রহমান।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, বোড়াগাড়ী বাজারে বেশ কিছুদিন ধরে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এ অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় তিন ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় ব্যবসায়ীদের নিষিদ্ধ পিরানহা মাছের চাষ, পরিবহন ও বিক্রি থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন ডোমার উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মামুনুর রশিদ এবং ডোমার থানার পুলিশ সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, জনস্বার্থ ও জলজ সম্পদ রক্ষায় নিষিদ্ধ মাছের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ মাছের চাষ, পরিবহন বা বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

