নিউজ ডেস্ক
দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ বিষয়ে রাষ্ট্রপতির কাছে লিখিত আবেদন জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৪ আগস্ট) বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে চিঠিটি পাঠানো হয়। একই চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ।
চিঠিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সংকটের প্রভাব পড়ছে শিল্পকারখানা, উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যেও।
বিদ্যুৎ ও জ্বালানির সংকটের কারণে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এর সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন বিরোধীদলীয় নেতা।
রাষ্ট্রপতির কাছে পাঠানো চিঠিতে ডা. শফিকুর রহমান বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে জনগণের প্রতিনিধি হিসেবে নীরব থাকার সুযোগ নেই। বিদ্যমান পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে বিস্তারিত ও অর্থবহ আলোচনা প্রয়োজন। একই সঙ্গে সংকট মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়াও জরুরি।
তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ দেশের সার্বিক আর্থসামাজিক সমস্যাগুলো সমাধানে আর সময়ক্ষেপণ করা উচিত নয়। এসব বিষয়ে দ্রুত সিদ্ধান্ত ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
চিঠিতে বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা এবং দ্রুত সমাধানের পথ বের করতে অবিলম্বে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা।

