নিউজ ডেস্ক: সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে ওই এলাকার মধ্যে আগে থেকে থাকা বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতেও সরকারি হাসপাতালের চিকিৎসকদের রোগী দেখার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক ডা. মো. নূরুল ইসলাম এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছেন।
ডা. মো. নূরুল ইসলাম জানিয়েছেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে দেওয়া নির্দেশনার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং চিঠি জারির পর থেকেই নির্দেশনাটি কার্যকর হয়েছে।
সরকারি হাসপাতালের আশপাশে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ রয়েছে। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের একটি অংশকে নানা উপায়ে কাছাকাছি বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়—এমন অভিযোগও রয়েছে।
এ ছাড়া সরকারি হাসপাতালের নির্ধারিত কর্মঘণ্টায় কিছু চিকিৎসক আশপাশের বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে রোগী দেখেন—এমন অভিযোগের কথাও নির্দেশনায় উঠে এসেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি হাসপাতালকে কেন্দ্র করে এক কিলোমিটারের মধ্যে নতুন বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না। একই এলাকার বিদ্যমান বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানেও সরকারি হাসপাতালের চিকিৎসকদের ব্যক্তিগতভাবে রোগী দেখার সুযোগ থাকবে না।
স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সরকারি হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম আরও কার্যকর করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

