জামালপুর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বিচারের জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চান না তারা। সাহস থাকলে এখনই দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের স্টেশন রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
ইয়াসের খান চৌধুরী বলেন, জনগণের ওপর নির্যাতন, রক্তপাত এবং হত্যাকাণ্ডের অভিযোগের বিচার করতে হবে। এ জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। অনলাইনে বক্তব্য না দিয়ে দেশে ফিরে বিচারের আওতায় আসার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, অতীতে ক্ষমতায় থাকাকালে তারা লুটপাট করেছে এবং দেশের উন্নয়নের নামে জনগণের অর্থের অপচয় করেছে। তাঁর অভিযোগ, ঢাকায় কয়েকটি সেতু ও ওভারপাস নির্মাণের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে এবং সেই অর্থ বিদেশে পাচার করা হয়েছে।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সুলতান মাহমুদ বাবু এবং জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।
ডিসেম্বর নয়, সাহস থাকলে এখনই আসেন: তথ্য প্রতিমন্ত্রী
Leave a Comment
Leave a Comment

