কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় আটক কৃষক লীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে থানায় গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন জামায়াতের এক নেতা ও বিএনপির দুই কর্মীসহ আটজন। পরে শনিবার (২৬ সেপ্টেম্বর) মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে মিরপুর থানায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন—মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলাম (৪৫), জামায়াত সমর্থক মারুফ (২১), বাশার (৩৫), মফিজুল প্রামাণিক (৪০), জাহাঙ্গীর হোসেন (৪০), বাদল প্রামাণিক (৫০), বিএনপি নেতা মেহেরুল ইসলাম (৪৫) এবং বিএনপি সমর্থক শহীদুল ইসলাম (৫৩)।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে চিথলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজকে নাশকতা মামলায় আটক করা হয়। পরে তাঁকে মিরপুর থানায় নেওয়া হয়।
হাফিজুর রহমানকে আটকের খবর পেয়ে রাত দুইটার দিকে চিথলিয়া ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলামের নেতৃত্বে কয়েকজন থানায় যান। তাঁরা হাফিজুরকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের কাছে তদবির করতে থাকেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, নিষেধ করার পরও ওই ব্যক্তিরা নাশকতা মামলার আসামিকে ছেড়ে দেওয়ার জন্য বারবার তদবির করছিলেন। একপর্যায়ে তাঁদের আটক করা হয়।
ওসি আরও বলেন, পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এরপর উভয় দলের নেতাদের জিম্মায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে চলতি বছরের ৯ মে রাতে মিরপুর থানায় আট পিস ইয়াবাসহ আটক এক মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে গিয়ে বিএনপি ও জামায়াতের স্থানীয় পাঁচ নেতাকর্মী পুলিশের হাতে আটক হয়েছিলেন। পরে তাঁদের কাছ থেকেও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল।

