নেপালে টানা বৃষ্টি, বন্যা ও ভূমিধসে ২১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি:সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও ভূমিধসে নেপালের বিভিন্ন এলাকায় চার দিনে ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন।
নেপালের দুর্যোগ মোকাবিলা সংস্থা ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির (এনডিআরআরএমএ) তথ্যের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এ খবর জানিয়েছে।

এনডিআরআরএমএ জানিয়েছে, ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে ২৮ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। নিহত ২১ জনের মধ্যে ১৪ জন মারা গেছেন ভূমিধসে। নিখোঁজ পাঁচজনও ভূমিধসের কবলে পড়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।
প্রবল বৃষ্টি ও এর ফলে সৃষ্ট পাহাড়ি ঢল এবং ভূমিধসে দেশটির বিভিন্ন এলাকায় প্রায় ২৬০টি ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে। আরও ৮০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্যোগ মোকাবিলা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নেপালে এই বৃষ্টিজনিত দুর্যোগ তৈরি হয়েছে। ২৪ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশটির ১০৬টি এলাকায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৪৬৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে গণ্ডকী প্রদেশের নবলপরশি জেলার দুমকুয়ালিতে।

দুর্যোগকবলিত বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩ হাজার মানুষকে উদ্ধার করে আশ্রয়শিবিরে নেওয়া হয়েছে। নেপালের উত্তরাঞ্চলের দুর্গম তিন পার্বত্য জেলা জাজারকোট, মাগড়ি ও শঙ্খুয়াসভায় আটকে পড়া মানুষদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে।
নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর দুর্যোগ শুরু হওয়ার সময় দেশটিতে প্রায় ৯ হাজার বিদেশি পর্যটক, পর্বতারোহী ও ট্রেকার অবস্থান করছিলেন। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে তাঁদের কেউ কেউ বিভিন্ন এলাকায় আটকা পড়েছেন। বিদেশি পর্যটকদের নেপালে ভ্রমণ এড়িয়ে চলার পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে এনডিআরআরএমএ।

এর আগে গত ২৬ আগস্ট নেপালের উত্তরাঞ্চলে ভোতিকোশি ও এর শাখা লেহন্দে নদীর একটি ব্যারিয়ার হ্রদ ভেঙে ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দিয়েছিল। তুষার, পাথর বা অন্যান্য প্রাকৃতিক বাধার কারণে নদীর প্রবাহ আটকে যে জলাধার তৈরি হয়, সেটিই ব্যারিয়ার হ্রদ। ওই দুর্যোগে ১ হাজার ৫০০ জনের মৃত্যু এবং ৬ হাজারের বেশি মানুষ নিখোঁজ হওয়ার তথ্য জানানো হয়েছিল। নিখোঁজ ব্যক্তিদের অনেকেরই এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

Share This Article
Leave a Comment