সারারাত স্বামীর মরদেহের পাশে, ভোরে রেললাইনে স্ত্রীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি:দৈনিক উত্তর দিগন্ত

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে স্বামীর মৃত্যুর কয়েক ঘণ্টা পর ট্রেনের ধাক্কায় মারা গেছেন ৮০ বছর বয়সী স্ত্রী। স্বামীর মৃত্যুর পর সারারাত তাঁর মরদেহের পাশে কান্নাকাটি করার পর ভোরে বাড়ির সামনের রেললাইনে নিত্য বালা অধিকারীর মরদেহ পাওয়া যায়। পরে ধর্মীয় রীতি মেনে পাশাপাশি দুটি চিতায় স্বামী-স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের মালিগাঁও পাঁচঘরিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৮৫ বছর বয়সী হরেন্দ্র বর্মন অধিকারী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়।
স্বামীর মৃত্যুর খবরে ভেঙে পড়েন স্ত্রী নিত্য বালা অধিকারী। স্বজনদের ভাষ্য, রাতভর তিনি স্বামীর মরদেহের পাশে বসে কাঁদছিলেন। দীর্ঘদিনের জীবনসঙ্গীকে হারানোর শোক তিনি কোনোভাবেই সামলে উঠতে পারছিলেন না।

পরিবারের সদস্যরা জানান, ভোরের দিকে বাড়ির লোকজন যখন বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন, তখন নিত্য বালাকে ঘরে পাওয়া যায়নি। এরপর পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের রেললাইনে খোঁজ চালিয়ে ভোর সাড়ে ৫টার দিকে তাঁর মরদেহ দেখতে পান তাঁরা।
স্বজন ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, স্বামীর মৃত্যুর শোকেই নিত্য বালা রেললাইনের দিকে চলে গিয়েছিলেন। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি।

স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের আবহ তৈরি হয়। পরে হরেন্দ্র বর্মনের মরদেহের পাশে নিত্য বালার মরদেহ রাখা হয়। ধর্মীয় রীতি অনুযায়ী পরে পাশাপাশি দুটি চিতায় তাঁদের শেষকৃত্য সম্পন্ন করা হয়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। বিষয়টি রেলওয়ে থানাকেও জানানো হয়েছে।

Share This Article
Leave a Comment