নিউজ ডেস্ক: সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি জানান, ৩১ অক্টোবর সকাল ৭টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট থেকে লংমার্চ শুরু হবে। ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়ার দিকে যাবে লংমার্চের বহর।
মিয়া গোলাম পরওয়ার বলেন, লংমার্চের পথে শরীয়তপুর, গোপালগঞ্জ, খুলনা, যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় পৃথক পথসভা অনুষ্ঠিত হবে। এসব পথসভায় ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।
জোটের নেতাকর্মীদের কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি।
জ্বালানির দাম বাড়ার প্রভাব তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, তেল-গ্যাসসহ জ্বালানির মূল্য একের পর এক বাড়ানোর কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়েছে। এতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে নিত্যপণ্যের দাম।
এ সময় বিরোধী দলের নেতাদের প্রতি আক্রোশের কারণে সরকারদলীয় ক্যাডাররা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে নিন্দা জানানোর কথাও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন মিয়া গোলাম পরওয়ার।

