কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি:সংগৃহীত

বাণিজ্য প্রতিবেদক: গাজীপুরের কালীগঞ্জে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৪ অক্টোবর) উপজেলার ভাদাত্তী ও দড়িসোম এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তিনটি মামলা করা হয়। এর মধ্যে দড়িসোম এলাকার মো. রাজু আহমেদকে ৫ হাজার টাকা, চুন্নু মিয়াকে ৩ হাজার টাকা এবং দক্ষিণ ভাদাত্তী এলাকার মো. রেজাউলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি মামলায় মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীদের মধ্যে মো. রাজু আহমেদ ও চুন্নু মিয়ার বয়স ৪০ বছর এবং মো. রেজাউলের বয়স ৪৫ বছর। অভিযানে কাউকে কারাদণ্ড দেওয়া হয়নি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় রাষ্ট্রের পক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তা প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন মাহবুবুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার বলেন, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Share This Article
Leave a Comment