পঞ্চগড়ে নিজ বাড়ি থেকে সাবেক এমপি নাঈমুজ্জামান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়া

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়া (মুক্তা)কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সোয়া ছয়টার দিকে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে নিখোঁজ হওয়া রিকশাচালক আল আমিন (২১) হত্যা ও লাশ গুমের অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আজ সকাল নয়টার দিকে নাঈমুজ্জামান ভুঁইয়াকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পঞ্চগড় জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল এবং আদালত পুলিশের পরিদর্শক খান মো. শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নাঈমুজ্জামান ভুঁইয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি। তাঁর বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একাধিক মামলা রয়েছে।

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১০ নভেম্বর নিখোঁজ রিকশাচালক আল আমিনের বাবা মো. মনু বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় মামলাটি করেন। মামলায় সাবেক রেলমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম এবং নাঈমুজ্জামান ভুঁইয়াসহ ১৯ জনকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, নাঈমুজ্জামান ভুঁইয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আজ ভোরে কাজীপাড়া এলাকার নিজ বাড়িতে তাঁর অবস্থানের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। সকাল সোয়া ছয়টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

Share This Article
Leave a Comment