জুনাঈদ ইসলাম জামিল
ঠাকুরগাঁও প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত ৩৬ দিনব্যাপী ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি এখন ঠাকুরগাঁওয়ে। তিন দফা দাবি সামনে রেখে দেশের উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া এ পদযাত্রায় অংশ নিচ্ছেন কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্থানে পদযাত্রা ও প্রচারপত্র বিতরণ করা হয়েছে।
গত ৭ অক্টোবর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্ট থেকে তেঁতুলিয়া-টেকনাফ অভিমুখে এ পদযাত্রা শুরু হয়। কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের সিপাইপাড়া দ্বিমুখী বালিকা উচ্চবিদ্যালয়-সংলগ্ন এলাকাসহ বিভিন্ন স্থানে পদযাত্রা ও প্রচারপত্র বিতরণ করা হয়েছে।
তিন দফা দাবিতে কর্মসূচি
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির আয়োজকদের ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে শহীদ শরীফ ওসমান বিন হাদী হত্যার দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা, জাতীয় গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই অভ্যুত্থান, শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সম্পন্ন করা।
ঢাকায় সমাবেশের পরিকল্পনা
কর্মসূচির পরিকল্পনা অনুযায়ী, উত্তরবঙ্গ থেকে শুরু হওয়া পদযাত্রাটি পর্যায়ক্রমে ঢাকার দিকে অগ্রসর হচ্ছে। আগামী ২১ অক্টোবর ঢাকার শাহবাগে শহীদ শরীফ ওসমান হাদি চত্বরে একটি সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ডিসেম্বরের মাঝামাঝি ঢাকায় চূড়ান্ত মহাসমাবেশ করার কথাও জানানো হয়েছে।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, তেঁতুলিয়া থেকে টেকনাফের জিরো পয়েন্ট পর্যন্ত পদযাত্রা শেষে আগামী ১৮ ডিসেম্বর ঢাকার শাহবাগে জাতীয় মহাসমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করার কথা রয়েছে।

