নিউজ ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরিফুল আলম টানা ১১ ঘণ্টা ধরে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন। প্রশাসনিক ভবনের তালা ভেঙে শিক্ষার্থীরা প্রবেশ করার পর এ পরিস্থিতির সৃষ্টি হয়।
সোমবার (১২ অক্টোবর) রাত ৭টা ৫০ মিনিট পর্যন্ত উপাচার্যের কার্যালয়ের বাইরে অবস্থান করছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টার দিকে অবরুদ্ধ উপাচার্যের জন্য কলা, বিস্কুট ও পানি পাঠান তাঁরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকালে উপাচার্যের কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন শিক্ষার্থীরা। একই সঙ্গে জেনারেটর কক্ষেও তালা দেওয়া হয়। এতে বিদ্যুৎবিহীন অবস্থায় থাকে উপাচার্যের কার্যালয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
এদিকে ক্যাম্পাসে আসার পথে শিক্ষার্থীদের বাসে হামলা এবং এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। উপাচার্যের পদত্যাগ ও তাঁর নিয়োগের বিরোধিতা করে চলমান আন্দোলনের মধ্যে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তিনটি সংগঠনও সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে।

