বিএনপি সরকার ইতোমধ্যে ব্যর্থ প্রমাণিত হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি:সংগৃহীত

নিউজ ডেস্ক:বিএনপি সরকার দেশের মানুষের কাছে ইতোমধ্যে ব্যর্থ হিসেবে প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাংলা মোটর এলাকায় জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত বিক্ষোভ মিছিলে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জ্বালানি তেলের দাম কয়েক দফা বাড়ানো হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি নিয়ে সংকট রয়েছে, এটি অস্বীকার করার সুযোগ নেই। তবে সেই সংকট মোকাবিলায় সরকারের সক্ষমতার ঘাটতি রয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, ‘এই ব্যর্থ সরকারকে আমরা লংমার্চ থেকে বলেছি, তাদের সামনে একটাই পথ—এক দফা দাবি। সরকার যদি মনে করে বিরোধী দল বা ১১-দলীয় জোট তাদের কী করবে, তাহলে বলব, ১১-দলীয় জোট কিছু করবে না; জনগণই রাস্তায় তাদের ধাওয়া দেবে।’
নাসীরুদ্দীন পাটওয়ারীর অভিযোগ, জ্বালানি সংকট মোকাবিলার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও সরকার ব্যর্থ হয়েছে। একই সঙ্গে গণমাধ্যমের ওপর অবরোধ আরোপ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

বিক্ষোভ সমাবেশে এনসিপির অন্য নেতারা সরকারের সমালোচনা করে বলেন, জনগণের ওপর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির চাপ তৈরি করা হয়েছে। তাঁদের ভাষ্য, জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের জন্য সরকারের আর ক্ষমতায় থাকার প্রয়োজন নেই।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজধানীর পরীবাগ এলাকায় ‘জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যের’ সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার, সদস্যসচিব এস এম শাহরিয়ার, ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদ, যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, জাতীয় শ্রমিক শক্তির সদস্যসচিব ঋআজ মোর্শেদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

Share This Article
Leave a Comment