দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে আজ আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন ইশরাক হোসেন। সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে নিজের সিদ্ধান্ত তুলে ধরবেন বলে জানিয়েছেন তিনি।

সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ইশরাক। সেখানে তিনি প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার কথাও উল্লেখ করেন।

পোস্টে ইশরাক বলেন, পদত্যাগের পরও মাদকের বিরুদ্ধে তাঁর কার্যক্রম অব্যাহত থাকবে। তবে এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন কর্মী হিসেবে আরও বেশি উদ্যম নিয়ে মাদকবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকবেন তিনি।

এ ছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা এবং প্রজন্ম দলের সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করতে দেশের বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান ইশরাক।

এর আগে রোববার রাতে তাঁর পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে। তবে প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ওই খবরকে অসত্য ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়েছিল।

গত শনিবার রাজধানীর গেন্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়াকে কেন্দ্র করে আলোচনায় আসেন ইশরাক হোসেন। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা তৈরি হয়।

এরপর রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে বিভিন্ন সূত্রে খবর প্রকাশিত হয়। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ইশরাকের ঘোষণার মধ্য দিয়ে তাঁর পরবর্তী অবস্থান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানা যেতে পারে।

Share This Article
Leave a Comment