নিজস্ব প্রতিবেদক:পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের আরও একটি চালান পৌঁছেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি প্রকল্প এলাকায় প্রবেশ করে। এটি কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের জন্য আনা জ্বালানির তৃতীয় চালান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে মঙ্গলবার রাত আড়াইটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তায় সড়কপথে জ্বালানি পরিবহন করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চালানটি নিরাপদে গন্তব্যে পৌঁছাতে ঢাকা থেকে পাবনা পর্যন্ত বিভিন্ন স্থানে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। গাড়িবহরের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নির্দিষ্ট কিছু সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান ইউরেনিয়ামের চালান পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চালানটি প্রকল্প এলাকায় পৌঁছায়।
প্রকল্প সূত্রে জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের জ্বালানি পুনঃস্থাপনের (রিফুয়েলিং) জন্য দুটি চালানসহ মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনার পরিকল্পনা রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে সব চালান সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পসংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের আশা, প্রয়োজনীয় প্রস্তুতি নির্ধারিত সময়ে সম্পন্ন হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কেন্দ্রটি থেকে পরীক্ষামূলকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হতে পারে।

